বাপ-ব্যাটার ‘হ্যাটট্রিক’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ এএম

স্বপ্নের হাজার পূরণের পথে আরেক ধাপ এগোলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ৯০২তম গোলটি রোনালদো করেছেন পেনাল্টি থেকে। এসি মিলান থেকে আসা আল নাসরের নতুন কোচ স্টেফানো পিওলির অভিষেকটিও ৩-০ গোলের জয়ে রাঙিয়েছেন খেলোয়াড়রা।

৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো। দৌড়ে গিয়ে নিজের ট্রেডমার্ক ‘সিউ’ উদযাপন শেষে গ্যালারির দিকে তিন আঙুল উঁচিয়ে ইশারা করেন এ মহাতারকা। তার চওড়া হাসিমুখ তখন তাকানো গ্যালারিতে বসা ছেলের দিকে। বাবার আগে আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন রোনালদো জুনিয়র। ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল। এজন্যই মহাতারকার তিন আঙুল উঁচিয়ে ইশারা করা। প্রথমার্ধে রোনালদোর গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান সালেম আল-নাজদি ও তালিস্কা।

সৌদি প্রো-লিগের চলতি মৌসুমে রোনালদোর তৃতীয় গোল এটি। জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে আট ম্যাচে সাত গোল হয়ে গেল তার। প্রথম তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল স্টিভেন জেরার্ডের আল ইত্তিফাক। পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। চার ম্যাচে দুই জয় দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে চারে রোনালদোরা। তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল হিলাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত