মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার রেললাইন থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটেরা ইউপির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতের কোনো একসময় ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে পুরো শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। চেয়ারম্যান আরও জানান, গতকাল শনিবার সকালে রেললাইনের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়।
এদিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামে আমন ধানের ক্ষেত থেকে গতকাল শনিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ৩০-৩৫ বছর বয়সী এক নারীর লাশ চুরকুই-রতনপুর কাঁচা রাস্তার পাশে আমন ধানের ক্ষেতে পড়েছিল। একপর্যায়ে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন।
