পেনাল্টিতে গোল করে এমবাপ্পের রেকর্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ এএম

লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় সমালোচিত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে এরপর টানা তিন ম্যাচ গোল করলেন। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে এস্পানিওলকে। ম্যাচে এমবাপ্পে পেনাল্টি থেকে করেছেন একটি গোল। টানা

তৃতীয় লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন ফরাসি এই ফরোয়ার্ড।

এই গোলের মাধ্যমে একটি রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। ২১ শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমবাপ্পে টানা তিন লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন। তার আগে ২০২২ সালের মার্চ-এপ্রিলে এই রেকর্ড গড়েন করিম বেনজেমা। ম্যাচে নিজে গোল করার পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এটিই তার প্রথম অ্যাসিস্ট। রিয়ালের অন্য গোল দুটি করেছেন রদ্রিগো ও দানি কারভাহাল।

ম্যাচের সব গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে গোলকিপার থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে যায় স্বাগতিকরা। এস্পানিওলের এক খেলোয়াড়ের শট কোর্তোয়ার পায়ে লেগে জালে জড়ায়। চার মিনিট পরই দানি কারভাহাল সমতা ফেরান। বেলিংহ্যামের শটে বল এস্পানিওল গোলকিপার গার্সিয়ার হাতে লেগে শরীরের নিচ দিয়ে চলে যায় গোলমুখে। ফাঁকা জালে বল পাঠান কারভাহাল।

৫৫ মিনিটে গিলেরের বদলি নামা ভিনিসিয়ুস ৭৫ মিনিটে বাম দিক থেকে লো ক্রস দেন বক্সে, বক্সে থাকা রদ্রিগো গোল করেন। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান ভিনি নিজেই। এমবাপ্পের থ্রু বলে কোনাকুনি শটে গোল করেন। এবার লা লিগায় ৬ ম্যাচে ভিনির গোল হলো ৩টি, অ্যাসিস্ট ৪টি। ৮৪ মিনিটে রদ্রিগোর বদলি নামা এনদ্রিককে ফাউল করেন কার্লোস রোমেরো। স্পটকিক থেকে গোল করেন এমবাপ্পে।

দুই মৌসুম মিলিয়ে লা লিগায় এই নিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত (২৮ জয়, ১০ ড্র) রিয়াল। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে লিগে ৩৮ ম্যাচ অপরাজিত (২২ জয়, ১৬ ড্র) ছিল সোসিয়েদাদও। স্পেনের শীর্ষ লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড বার্সেলোনার।

রেকর্ড নিয়ে আনচেলত্তি বলেন, ‘টানা ৩৮ ম্যাচে আমরা অপরাজিত। এর মানে, আমরা অনেক কিছুই খুব ভালো করছি। তবে এই মৌসুমে একটি ব্যাপার উল্লেখ করতেই হবে, প্রথমার্ধে মাত্র একটি গোল করেছি আমরা। এই ব্যাপারটি নিয়ে ভাবতেই হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত