নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নীলকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এ রায় ঘোষণা করে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।
আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মাতৃসদন নামে একটি বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে ডাকাতি করতে ঢোকেন জুবায়ের। সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।
