চোরদের চিনে ফেলায় খুন হন লিপিকা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ এএম

নিজের শোয়ার ঘরে আসা চোরের হাতে খুন হন নটর ডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজ। চুরি করতে আসা অভিযুক্ত খুনিদের চিনে ফেলায় জীবন দিতে হয় তাকে। খুনিরাও নিজেদের বাঁচাতে লিপিকার মাথায় আঘাত করে ও বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকার সূত্রাপুরে আলোচিত এই হত্যাকা-ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তাররা হলেন, জুয়েল (২১) ও নজরুল (২২)।

গতকাল রাজধানীর ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজি (পশ্চিমাঞ্চল) মো. সায়েদুর রহমান। তিনি বলেন, পিবিআইর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যমতে, হত্যাকা-ে ব্যবহৃত একটি নোজ প্লাস, দুটি স্ক্রু-ড্রাইভার এবং ভুক্তভোগীর চুরি যাওয়া বিভিন্ন মালপত্র জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তদন্তে জানা যায়, জুয়েল রানা নজরুলদের বাসার মেসে খেতেন। সেখান থেকেই তাদের পরিচয় এবং সাত-আট বছরের বন্ধুত্ব। জুয়েল রানা নজরুলকে জানান, তার পাশের বিল্ডিংয়ের চতুর্থ তলায় এক নারী একা থাকেন। তার স্বামী-সন্তান নেই। তার বাসায় চুরি করলে অনেক টাকা-পয়সা পাওয়া যাবে।

পরিকল্পনা অনুযায়ী জুয়েল রানা তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে ঘটনার তারিখ রাত ১১টার দিকে নজরুলকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর বাসায় যান। রাত ১টায় নজরুল ছাদের ওপর দিয়ে গিয়ে রশির সাহায্যে ঝুলে ভুক্তভোগীর বাসার পেছনের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। নজরুল বাসার মেইন দরজা খুলে ছাদে গিয়ে জুয়েল রানাকে ডেকে আনেন। তারা একত্রে বাসায় চুরি করার সময় ভুক্তভোগী শব্দ করলে নজরুল একটি লোহার পাইপ দিয়ে মাথায় সজোরে আঘাত করেন এবং জুয়েল রানা বালিশ দিয়ে মুখ চেপে ধরলে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

পরে তারা ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন, হাতব্যাগ নিয়ে দরজায় তালা লাগিয়ে জুয়েল রানার বাসায় চলে যান। সেখানে দুজনে হাত ব্যাগে থাকা ২৬ হাজার ৩৫০ টাকা ভাগ করে নেন। ভোরে নজরুল বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে যান। পরে মোবাইল ফোন দুটি ৩ হাজার ৫০০ টাকায় শিবলু হোসেন জয়ের কাছে বিক্রি করে সেই টাকাও ভাগ করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত