বৃষ্টির অভাবে আমন ধানের জমি ফেটে চৌচির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬ এএম

আমন মৌসুমে অনাবৃষ্টি ও তীব্র গরমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে মৌলভীবাজারের কমলগঞ্জে। একই সঙ্গে সময়মতো পানি দিতে না পারায় ক্ষেতের ধান নষ্টও হয়ে যাচ্ছে অনেক এলাকায়। পানির অভাবে জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে ধান উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হাজার হাজার কৃষক। কৃষকরা বলছেন, এত টাকা খরচ করে আমন ধানের চারা রোপণ করেছেন তারা। কিন্তু অনাবৃষ্টি আর তীব্র গরমে জমির মাটি ফেটে যাওয়ায় ধান নিয়ে বিপাকে পড়েছেন।

সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি এলাকায় দেখা গেছে, বৃষ্টির পানির অভাবে আমন ধানের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। যেসব ক্ষেতে পানি নেই, ওইসব জমির মাটি শক্ত হয়ে আছে। অনেক জমির ধানগাছ রোদে পুড়ে বিবর্ণ হয়ে গেছে। কৃষকরা বিকল্প উপায়ে পানি দিয়েও মাঠের ফসল রক্ষা নিয়ে বিপাকে পড়েছেন। তীব্র রোদ ও খরা থেকে ফসল রক্ষা করতে কৃষকরা বৃষ্টির প্রহর গুনছেন।

উপজেলার আলীনগর ইউনিয়নের কৃষক জয়নাল মিয়া, রুবেল মিয়া বলেন, ‘আমরা দুজন ৭০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছি। পানির অভাবে ধানের গাছগুলো রোদে পুড়ে যাচ্ছে। জমির মাটি ফেটে যাওয়ায় রোপণ করা ধান নিয়ে বিপাকে আমরা।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় দেশ রূপান্তরকে বলেন, ‘চলতি বছরে উপজেলায় ১৭ হাজার ১০৮ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর অনাবৃষ্টির ফলে জমির মাটি ফেটে গেছে। সপ্তাহখানেক পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই কৃষকদের সমস্যার সমাধান হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত