দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে এর মধ্যে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়লে দুজন নিহত হয়। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় প্রাইভেট কার, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঝিনাইদহের সাধুহাটির মোড়ে দাঁড়িয়ে থাকা মিনি ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব ঘটনা ঘটে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
দোকানে ঢুকে পড়ল ট্রাক, প্রাণ গেল দুজনের: নগরের শাহ আমানত সেতুর গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে একটি হোটেলে ঢুকে পড়লে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তার নাম বিকাশ চৌধুরী (২৪)। তিনি বাসের হেলপার বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত : মাগুরায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে মাগুরা জেলা সদরের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরিচরনপুর গ্রামের সানি বিশ্বাস (১৮), মুহিব বিশ্বাস (১৭) ও বোরহান মোল্যা (১৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার রাতে মোটরসাইকেলযোগে তিন যুবক নিজ এলাকা থেকে জেলা সদরের দিকে যাচ্ছিল। মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার তাদের চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত মুহিব ও বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মুহিবের মৃত্যু হয়। এ ছাড়া গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোরহান মৃত্যুবরণ করে।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত : ঝিনাইদহের সাধুহাটির মোড়ে দাঁড়িয়ে থাকা মিনি ট্রাকের পেছনে ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। গতকাল মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত হন একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমান। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন।
