শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় আবুল বাশার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে নিহতের স্বজন আব্দুর রহমান প্রিন্স এ মামলাটি করেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেনÑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সংসদ সদস্য মশিউর রহমান সজল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার। আন্দোলনের সময় গত ৫ আগস্ট কাজলায় আবুল বাশার গুলিতে নিহত হন।

শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দুটি হত্যা মামলায় এবং সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার আরও একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। মামলায় ১০০০ থেকে ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানার এক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে শাহবাগ থানার মামলায় চার দিনের রিমান্ড ও তেজগাঁও থানার এক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, শাজাহান খান ও সাদেক খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আল মামুন ও সাদেক খান অসুস্থ তাই তাদের চিকিৎসার জন্য আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া কারাবিধি অনুসারে আসামিদের সুচিকিৎসার নির্দেশ দেন।

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৭৩৫ জনের নামে থানায় মামলা : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ এবং এক ছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায়  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। মামলায় ১০০০ থেকে ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সোমবার রাতে নগরের কোতোয়ালি থানায় এ মামলা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম (২৬)। মামলার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নগরের কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত