ঢামেকে আহতদের দেখল চীনা চিকিৎসক দল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন চীন থেকে আসা চিকিৎসকরা। সকালে দলটির বেশ কয়েকজন ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন। দলের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাধীন রোগীদের দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

পরিদর্শন শেষে চীনা চিকিৎসক দল হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করে। তবে কিছু জটিল রোগীর ক্ষেত্রে উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে বলে দলের চিকিৎসকরা জানিয়েছেন। তারা এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আহতদের দেখতে এ দুই হাসপাতালে যায় চীনা চিকিৎসক দল। এই দলে সার্জারি, অর্থোপেডিকস ও অপথালমোলজি (চক্ষুরোগ) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। পরিদর্শন শেষে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, চীনা চিকিৎসকরা ঢাকা মেডিকেলে ২০ জন রোগী দেখেছেন। এই দলে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। তারা আপাতত কোনো সার্জারি করবেন না। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে সব জানাবেন তারা। তবে অনেক জটিল কেস আসে যার জন্য লজিস্টিক সাপোর্ট লাগবে বলেও জানিয়েছেন। এ পরিচালক জানান, চীনা চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসার প্রশংসা করেছেন। তারা মন্তব্য করেছেন সবাই কাজটাকে (আহতদের চিকিৎসা) খুব গুরুত্ব দিচ্ছে। ঢামেকে যেসব রোগী দেখেছেন, সেগুলোর রিপোর্ট তৈরি করে চীনে পাঠাবেন। পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন উন্নত চিকিৎসায় কী ধরনের যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে। পরে চিকিৎসাসেবার বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।

গত ২২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ১০ সদস্যের চীনা মেডিকেল টিম। টিমের নেতৃত্বে আছেন চীনা চিকিৎসক ডং কুইআন। ২৬ সেপ্টেম্বর চিকিৎসক দল স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত