শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী অমরাসুরিয়া

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ এএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। গত মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। গত রবিবার দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থি রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিশানায়েকে। তার শপথ গ্রহণের আগে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে। তারই স্থলাভিষিক্ত হলেন হরিণী অমরাসুরিয়া।

দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। ২০২০ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মন্ত্রিপরিষদ প্রধানের পাশাপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। রাজনীতির পাশাপাশি মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত অমরাসুরিয়া। তিনি। যুক্ত ছিলেন শিক্ষকতার সঙ্গেও। শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। লিঙ্গ সমতা এবং সংখ্যালঘুদের অধিকার, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থা-সংক্রান্ত বিষয়ে সক্রিয়তার জন্য পরিচিতি রয়েছে তার।

এদিকে, শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতা গ্রহণের পরদিনই পার্লামেন্ট ভেঙে দিলেন তিনি। গত মঙ্গলবার সরকারি এক বিজ্ঞপ্তিতে পার্লামেন্টে ভেঙে দেওয়ার আদেশ দেন তিনি। এর ফলে আগাম সাধারণ নির্বাচনের পথ খুলে গেল। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ নভেম্বর পরবর্তী পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হবে। ৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ার নেতা প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে চারজনের মন্ত্রিসভা গঠন করেছেন। জেভিপির শীর্ষ নেতা নামাল করুণারতেœ এএফপিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আপাতত দলের তিন এমপি সব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নতুন এমপিরা শপথ নেবেন। এটিই শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ছোট মন্ত্রিসভা বলে জানান তিনি। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে। পরে দেশটির পার্লামেন্টের ভোটে রণিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। এর দুই বছর পর গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত