সফলভাবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করছে চীন। গতকাল বুধবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনের বিরুদ্ধে আগেও এই আইসিবিএম পরীক্ষার অভিযোগ থাকলেও, কখনোই তা স্বীকার করেনি দেশটি। এবারই প্রথম জনসম্মুখে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো বেইজিং। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ‘পিপল’স লিবারেশন আর্মি নকল বিস্ফোরকসহ আইসিবিএমটি উৎক্ষেপণ করে। এটিকে বার্ষিক মহড়ার অংশ দাবি করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোনো দেশ বা লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র চালানো হয়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, আশপাশের দেশগুলোকে আগে থেকেই এ বিষয়ে সতর্ক করে রেখেছিল বেইজিং।
