যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি এক মাসের কিছু বেশি সময়। তার আগে ভোটারদের মন জয় করতে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই কোনো না কোনো শহরে সশরীরে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনপূর্ব জরিপগুলোয় শুরুতে ডেমোক্র্যাটদের থেকে বড় ব্যবধানে এগিয়ে ছিল রিপাবলিকানরা। তবে কমলা হ্যারিস দলীয় মনোনয়ন পাওয়ার পর সে ব্যবধান তো কমিয়েছেনই, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ট্রাম্পকে ছাড়িয়েও গিয়েছেন। ৫ নভেম্বরের এই নির্বাচনের আগে আরেকটি জরিপে ট্রাম্পকে টপকে গেছেন কমলা। গতকাল বুধবার সিএনএনের প্রকাশিত জরিপে দেখা যায়, তরুণ ও নারীদের মধ্যে জনসমর্থনে এগিয়ে কমলা।
গতকাল প্রকাশিত সিএনএনের জরিপে দেখা যায়, ৩৫ বছরের কম বয়সী ভোটারদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছরের কম বয়সী সম্ভাব্য ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন জানিয়েছেন ৫২ শতাংশ ভোটার। এর বিপরীতে ট্রাম্পের ওপর আস্থা রেখেছেন ৪০ শতাংশ ভোটার।
