হাত দেখে নয় ব্যাটসম্যান বদল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ এএম

মাহমুদুল হাসান জয় কুঁচকির চোটে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের একাদশ থেকে ছিটকে গেলে প্রায় বছর দুয়েক পর টেস্ট খেলার সুযোগ পান সাদমান ইসলাম। ফেরার ইনিংসে ৯৩ রান করে বাংলাদেশ দলকে একটা সমস্যার দিকেই ঠেলে দিয়েছেন এই বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। প্রথম চারজনসহ প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনই বামহাতি, যেটা প্রতিপক্ষের বোলারদের জন্য উইকেট তুলে নেওয়ার দারুণ একটা সুযোগ। এই জায়গাটায় কি কোনো অদল বদল আনতে চান কোচ চ-িকা হাথুরুসিংহে? এমন প্রশ্নে তিনি জানালেন, কে কোন হাতে ব্যাট ধরে তার ভিত্তিতে নয়, বরং দলের কী চাহিদা আর উইকেটের ধরন এসব দেখেই তিনি একাদশ বাছাই করবেন।

টপ অর্ডার রান পাচ্ছে না। পাকিস্তান সফর হয়ে চেন্নাই টেস্টেও বদলায়নি ছবিটা। কেউ কেউ ইনিংসের শুরুটা ভালো করেও ইনিংসটা বড় করতে পারছে না। ওপরের দিকে বামহাতি ব্যাটসম্যানে ঠাসা ব্যাটিং অর্ডার, উদ্বোধনী জুটিতে বদল আনার চিন্তা কী আছে? এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘প্রথমত, শুরুটা ভালো করার পর খেই হারিয়ে ফেলে আউট হয়ে যাওয়া, এই সমস্যাটা আমরা দেখছি। এতে আমাদের চেয়ে খেলোয়াড়রা নিজেরাই বেশি হতাশ। তারা ভালো করতে চায়, আমরা তাদের সেই লক্ষ্য অর্জনের জন্য সাহায্য করছি। আর দ্বিতীয়ত ওপরের চারজন ব্যাটসম্যানকে আমরা মনে করি তারাই আমাদের সেরা ব্যাটসম্যান, আমরা তাদের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত করে ডানহাতি বা বামহাতি নয়। যদি কোনো পরিবর্তন আসে (একাদশে) সেটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে উইকেটের ওপর।’

কানপুরে এবারই প্রথম খেলছে বাংলাদেশ, বুধবারেই ছিল প্রথম অনুশীলন। উইকেট দেখে নিজের ভাবনা জানালেন কোচ, ‘উইকেট দেখছি তবে মাঠকর্মীরা বলতে পারছে না দুটো উইকেটের ভেতর কোনটিতে খেলা হবে। খুব সম্ভবত কাল (আজ) আবার আসলে দেখে আরেকটু ভালো ধারণা পাওয়া যাবে।’ চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসের কিছুটা সময় বেশ ইতিবাচক ব্যাটিং করেছে বাংলাদেশ। সেই মানসিকতারই পুনরাবৃত্তি দেখতে চান হাথুরুসিংহে, ‘আমাদের নিজস্ব কেপিআই (কি পারফরমেন্স ইন্ডিকেটর) আছে, আমরা সবসময় বলি যে শুরুটা ভালো হলে ইনিংসটা বড় করতে। যেমন কেউ একজন হয়তো ৩০টা বল খেলল, ক্রিকেটে শুরুটাই সবসময় কঠিন। এই জায়গাটায় ভারত অনেক ভালো করেছে, আমরা পারিনি।’

মাহমুদুল হাসান জয়ের একাদশে থাকার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘সে ডানহাতি ব্যাটসম্যান বলেই একাদশে ঢুকে যাবে ব্যাপারটা একদমই তেমন নয়। আমাদের দেখতে হবে কাউকে দলে নিতে হলে কাকে বসাতে হবে, যে আসবে সে বাড়তি কী নিয়ে আসবে, এ সবের ওপরেই সিদ্ধান্ত নিতে হবে।’

হাত দেখে হাথুরুসিংহে ব্যাটসম্যান না নিলেও ব্যাটিংয়ের হাত দেখে বোলার বাছাই ঠিকই করেছে ভারত। চেন্নাই টেস্টে পরপর দুই বলে মুমিনুল হক এবং জাকির হাসানের উইকেট নেন ভারতের আকাশদীপ সিং। সংবাদ সম্মেলনে এসে জানালেন, তাকে একটা পরিকল্পনা দেওয়া হয়েছিল দল থেকেই, ‘আমার শক্তির জায়গাই হচ্ছে আমি বামহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেটে বল করে স্বাচ্ছন্দ্য বোধ করি। বিশেষ করে উইকেটে যখন সাহায্য থাকে। সেটা আমার দ্বিতীয় ওভার ছিল। দ্বিতীয় ওভারেই আমি বুঝে যাই উইকেট কেমন আচরণ করছে আর বল সুইং হবে। তাই আমি সহজ কৌশলই অবলম্বন করি আর সফল হই। আমি আমার পরিকল্পনা অনুযায়ী বল করেছি, জায়গায় রাখার চেষ্টা করেছি আর সফল হয়েছি।’

ভারতের কোচ গৌতম গম্ভীর নিজে একজন সফল বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। বামহাতিদের সমস্যার জায়গাটা তার ভালো করেই জানা। তাই বাংলাদেশের দুর্বল জায়গায় আঘাত হানতে যে পরিকল্পনাটা তার থাকবে সেটা জানতে মহাকাশ বিজ্ঞানী হতে হয় না। তবে সাদমানের ওপর কি আরেকটু ভরসা করবে দল নাকি কানপুরে মাহমুদুল হাসান জয় খেলবেন, সেই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত