সড়ক দুর্ঘটনায় ক্যারিয়ারই ছিল হুমকির মুখে। সেই লড়াইয়ে জিতে আবার ২২ গজে ফিরেছিলেন ঋষভ পান্ত। ৬৩২ দিন আগে সবশেষ টেস্ট যখন খেলেছিলেন, তখন ক্রিকেটের কুলীন সংস্করণের ব্যাটিং র্যাংকিংয়ে তার অবস্থান ছিল ৫ নম্বরে। আর দেড় বছর পর মাঠে নেমেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেই তিনি উঠে এসেছেন ৬ নম্বরে। বাংলাদেশ পেসার হাসান মাহমুদ টানা দুই টেস্টে ৫ উইকেট নিয়ে র্যাংকিংয়ে লাফ দিয়েছেন। চেন্নাইয়ের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার হাসান। এমন নৈপুণ্যের পর আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ৪ উইকেট নেওয়া গতি তারকা ৮ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন। নাহিদ রানা এক ধাপ এগিয়ে আছেন ৭৮তম স্থানে। ব্যাটারদের মধ্যে আইসিসির র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শান্তর। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। এই ব্যাটার ১৪ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৪৮ নম্বরে। ব্যাটারদের মধ্যে বড় অবনতি হয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের।
চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন ঋষভ। ফলে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে জশস্বী জয়সওয়ালের, ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছেন তিনি। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করে ১৭ নম্বর থেকে ১২ নম্বরে এসেছেন শুবমান গিল।
