বাগেরহাট পৌরসভার পাঁচ কাউন্সিলরকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌরসভার নিয়োগকৃত প্রশাসকের সঙ্গে একটি সভায় যোগদান করেন তারা। সেখান থেকে তারা বাড়ি ফিরছিলেন।
তারা হলেন বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর শেখ আবুল হাসেম শিপন, শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর রেজাউর রহমান মন্টু, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, কোহিনুর বেগম ডালিম এবং আসমা আজাদ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাসেলুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়া অন্য কী মামলা রয়েছে তা দেখা হচ্ছে।
অন্যদিকে, বাগেরহাটের মোংলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে। গতকাল সকালে পৌরসভার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ (৩৮) ও তার ভাই সাদ্দাম হোসেন (৩৫)। উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো একটি শটগান, একটি একনলা বন্দুক ও ৩৮টি তাজা গুলি।
কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা মোংলা পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
