ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ইতালি প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার ভোরে মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মুখোশধারী ১০-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ সড়কে ট্রাক দিয়ে গতিরোধ করে গ্রিনকার্ডসহ মালামাল লুট করে।
ইতালি প্রবাসীর ভাই জুয়েল মিয়া জানান, তার ভাই রবিউল ইসলাম ৭ বছর পর দেশে ফেরেন। প্রাইভেট কারযোগে বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে ডাকাত দল একটি ট্রাক দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে।
এ সময় দেশীয় অস্ত্রে জিম্মি করে গ্রিন কার্ড, বৈদেশিক মুদ্রা, ৮টি মোবাইলসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে সোনারগাঁ থানায় গিয়ে কোনো প্রকার সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তারা।
প্রবাসী রবিউল ইসলামের অভিযোগ, ডাকাতির হওয়ার পর পর স্থানীয়দের সহযোগিতায় থানায় যাই। পরে ডিউটি অফিসারকে ফোন দেওয়া হলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিয়ে পরে যোগাযোগ করতে বলেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, আগের তুলনায় ডাকাতি কমেছে।
তবে এখনো সব অফিসার থানায় যোগদান না করায় অনেক কিছু সম্ভব হচ্ছে না। ডাকাত ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
