ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই হলের প্রভোস্ট শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আদালতে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মো. আক্তারুজ্জামানের আদালতে মামলাটি করেন মানসিক ভারসাম্যহীন তরুণ তোফাজ্জলের মামাতো বোন মোসা. আসমা আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলার সঙ্গে তদন্ত করার নির্দেশ দেয়।
মামলার অন্য আসামিরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জালাল মিয়া, মাটি, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সুমন মিয়া, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফিরোজ কবির, একই সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুস সামাদ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. মোত্তাকিন সাকিন শাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আল হুসাইন সাজ্জাদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ওয়াজিবুল ইসলাম, গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আহসান উল্লাহ, একই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফজলে রাব্বী, ফার্মেসি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. ইয়ামুস জামান, মাটি, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাশেদ কামাল অনিক, পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার কবির শোভন, একই বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান ইমরান এবং প্রাণিবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. সুলতান।
