পূজামন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকা মহানগর এলাকার প্রত্যেকটি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।’ 

গতকাল বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রাক দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

‘পূজা উদযাপন পরিষদ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পূজার সময় পূজাম-পে সার্বক্ষণিক সিসিটিভি সক্রিয় রাখতে হবে। প্রতিটি মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কাছাকাছি থানায় যোগাযোগ করার অনুরোধ জানাই।’ 

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করে বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত