মাগুরার শ্রীপুরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সব্দালপুর বাজারে ইকবলের চায়ের দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হাফিজার মোল্ল্যা (৪৮), মিলন শেখসহ (৫০) বেশ কয়েকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সব্দালপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবির মোল্লার সঙ্গে বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হাফিজার মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় সকালে স্থানীয় একটি বাজারে দুপক্ষের লোকজন চা খাচ্ছিলেন। এ সময় তাদের মধ্যে বাগবিতা-ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
শ্রীপুর থানার ওসি গৌতম ঠাকুর বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
