বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে হওয়া দুটি ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিত করেছে কক্সবাজারের একটি আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এই স্থগিতাদেশ দেয় বলে জানান মামলার আসামি পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।
এর আগে দুপুর ২টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। এরপরই তার আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত হন তিনি।
এ সময় সালাহউদ্দিন আহমদের নিযুক্ত আইনজীবীরা আদালতকে তাদের মক্কেলকে সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। তৌহিদুল বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা করা হয় ২০০৭ সালে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি করা হয়েছিল। এ কারণে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত দুটি মামলা বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে।
আদালত থেকে বের হয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘আদালত দীর্ঘ শুনানিতে আমার বিরুদ্ধে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছে। আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে চকরিয়া থানায় দুটি মামলা করেন জনৈক মাহামুদুল হক।
