ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে মশাবাহিত রোগটি নিয়ে ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত (২৪ ঘণ্টা) ডেঙ্গুতে দুজন মারা গেছে। এর মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত এক দিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ৮৮ জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭৮, ঢাকা বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ২৮, ময়মনসিংহ বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ১৯, খুলনা বিভাগে ১৫ এবং বরিশাল বিভাগে ছয়জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৭০৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়।
