ঈশ্বরগঞ্জে সেচ মোটর চুরির হিড়িক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শস্য ভা-ার খ্যাত এলাকা উচাখিলা ইউনিয়নের চরাঞ্চল। এই চরাঞ্চল মানুষের প্রধান পেশা কৃষি। তাদের উৎপাদিত ফসল উপজেলার সিংহভাগ জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে চলছে। কিন্তু ভালো নেই চরাঞ্চলের কৃষকরা। কারণ তাদের বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়ে যাচ্ছে। গত তিন মাসে শতাধিক মোটর চুরি হওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্ক বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রাম থেকেই চুরি হয়েছে ১০-১২টি বৈদ্যুতিক সেচ মোটর। এ ছাড়া গত তিন মাসে ওই ইউনিয়নের আলাদিয়ার আলগী, রফিয়ার আলগী, চর আলগী, হাশের আলগী, নামাপাড়া, মরিচার চরসহ আশপাশের কয়েকটি গ্রাম ও পাড়া-মহল্লা থেকে শতাধিক সেচ মোটর চুরি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় কৃষক এরশাদ, আবদুল্লাহ ও মুরশেদুল মুন্সী জানান, প্রায়ই তাদের বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না। যারা পুরনো মোটর ক্রয়-বিক্রয় করে তাদের সঙ্গে চোরদের সখ্য রয়েছে।

আলাদিয়ার আলগী গ্রামের কৃষক মানিক মিয়া বলেন, ‘গত শুক্রবার আমার সেচ পাম্পটি চুরি হয়ে যায়। এতে আমার চার একর বোরো ধান ও ফসলি জমিতে সেচ দিতে গিয়ে সমস্যায় পড়েছি। দিন দিন সেচ মোটর চুরি বেড়েই চলেছে। আমরা এর প্রতিকার চাই।’

একই গ্রামের আরেক কৃষক শফিকুল আলম বলেন, ‘পানি সেচ দেওয়া নিয়ে ভয়ে আছি। মোটর সংযোগ করলেই নিয়ে যাচ্ছে চোরচক্র। চার দিন আগে আমাদের একটি মোটর নিয়ে যায় চোরের দল। ওই সেচ পাম্পের আওতায় পাঁচ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন নতুন আরেকটি মোটর কেনা ছাড়া উপায় দেখছি না।’

পাশের রফিয়ার আলগী গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘আমার তিনটি মোটর চুরি করে নিয়েছে চোরচক্র। আমাদের বাড়ির আশপাশের অন্তত ১০ কৃষকের মোটর চুরি হয়েছে। এতে কৃষকরা চরম বেকায়দায় পড়েছেন। আমরা চোরের উপদ্রব থেকে রেহাই পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ ব্যাপারে উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘আমার ইউনিয়নে মোটর চুরি অনেক বেড়েছে। বিষয়টি আমি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিংয়ে একাধিকবার উত্থাপন করেছি। পুলিশ বেশ কয়েকবার কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু কিছুতেই সেচ মোটর চুরি থামছে না। মনে হচ্ছে চোরচক্রটি বেশ বড়।’

এদিকে গত মঙ্গলবার উচাখলা ইউনিয়নের বালিহাটা গ্রাম থেকে সেচ মোটর চোর ইয়ামিন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘মোটর চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করে চোরচক্র বের করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট গ্রামগুলোয় গিয়ে কৃষকদের সচেতন করতে বিট পুলিশিং সভা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত