গাজীপুরে তাঁতী লীগের এক নেতাকে মামলা থেকে বাঁচাতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে। চাঁদা চেয়ে মোবাইল ফোনে দুপক্ষের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ এরই মধ্যে ফাঁস হয়েছে। গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদা দাবি করা ব্যক্তির নাম রুবেল সরকার। তিনি গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য। আর যার কাছে চাঁদা চাওয়া হয় তার নাম রানা মিয়া। তিনি ৩৭ নম্বর ওয়ার্ড তাঁতী লীগ নেতা।
ফাঁস হওয়া ১ মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপে শোনা যায়, তাঁতী লীগের ওই নেতাকে যুবদলের নেতা বলছেনÑ ‘তোর নাম কাটাইতে কী লাগবে তুই বুঝিস? আমি এত কথা কইবার চাই না, বিশ হাজার টাকা ইমার্জেন্সি আমার বিকাশ নম্বর আছে তাড়াতাড়ি পাঠাবি। এখন সবার নাম এন্ট্রি হচ্ছে, তাই আমি বাইরে এসেছি। এ সময় আমি বলছি এটা আমার ছোট ভাই, আমি এটা যা বুঝার বুঝবোনে। তোরা থানায় কাজ করছোস, তোরা আমাদের থেকে তিন ধাপ বেশি জানস। তোদের ওপর পুলিশ এখন অনেক ক্ষ্যাপা। কালা শামীম, বুইট্টা রাজু, কেচরা রুবেল সবার নাম লিস্ট। ওগুলো দরকার নাই, তুই আমার ছোট ভাই যদি মানস আরকি।’
এ সময় টাকার বিষয়ে তাঁতী লীগের ওই নেতা যুবদলের নেতাকে বলেন, ‘আমি বাসায় কথা বলে আপনাকে জানাচ্ছি। আমি আরেকটা মামলা নিয়ে আরেক জায়গা টাকা-পয়সা দিছি।’ এই কথা শুনে যুবদলের নেতা বলেন, ‘আমি বুঝতে পারি না কোনটা করতে চাস তুই। আমি শুধু তোর জন্য বাইরে বের হইছি। তাহলে এডা বাদ দে। এই মামলায় কেউ যদি ধরা খায় ৩ বছরের আগে বের হতে পারবে না।’
