বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক উপাচার্যসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ জুলাই সন্ধ্যা ৬টায় ছাত্রলীগ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বাদীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত হন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন শিক্ষক আলোচনার নামে কালক্ষেপণ করেন। পরবর্তীতে কয়েকজন শিক্ষক ও প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হন।
মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক নূরুল আলমকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এতে শিক্ষকদের মধ্যে রয়েছেন সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক ফরিদ আহমেদ ও অধ্যাপক ইসরাফিল আহমেদ।
কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, রাজিব চক্রবর্তী, নাহিদুর রহমান খান, সুদীপ্ত শাহীন। ছাত্রলীগ নেতাদের মধ্যে রয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মতামত নিচ্ছে ছাত্রদল