ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে গত বছর অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ ও ভারত। সেবার ২-০ গোলে হারের হতাশা সঙ্গী হয়েছিল বাংলাদেশের। এক বছর পর একই মাঠে আরেকটি ফাইনালের মঞ্চে আবার দুই দল। তবে এবার বয়স শ্রেণি বদলে হয়েছে অনূর্ধ্ব-১৭। বয়স এক বছর বেড়েছে বলে দুদলেই গত বছরের বেশ কজন খেলোয়াড়ের উপস্থিতি রয়েছে। তাই আপনি চাইলে এটাকে বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চ ভাবতেই পারেন। সেই ভাবনাটা আরও প্রতিষ্ঠিত করে দিচ্ছে চলতি আসরেই ভারতের কাছে গ্রুপপর্বে আরেকবার হারের তেতো স্বাদ নেওয়ায়। অর্থাৎ দুই হারের ঋণ শোধ করতে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভারতের মোকাবিলা করবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
নেপালকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে আসা ভারতকে হারানো কঠিন সেটা ভালোভাবেই জানেন বাংলাদেশের কোচ টিটু। সিনিয়রদের মতো বয়সভিত্তিক সাফের আসরগুলোতেও সফল ভারতকে ফেভারিটের আসনে বসিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কথা বলেছেন এই অভিজ্ঞ কোচ, ‘ফাইনালে তারা (ভারত) তর্কাতীত ফেভারিট। খেলোয়াড়দের মধ্যে যদি তুলনা করা হয়, তারা টেকনিক্যালি ও টেকটিক্যালি এগিয়ে আছে। তবে সেমিফাইনালের খেলায় আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত। ভারত যেহেতু টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। তাই সেরা দলের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। আর সেটা দেওয়ার সামর্থ্য ছেলেদের আছে।’ এরপর যোগ করেন, ‘আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সংঘবদ্ধভাবে চেষ্টা করতে হবে। যারা কম ভুল করবে, তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি।’
দলের অধিনায়ক নুরুল হুদা ফয়সাল পাকিস্তানকে সেমিফাইনালে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে শিরোপা জয়ের কথা বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছি। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে খেলেছি। এই ম্যাচগুলোর শিক্ষা আমাদের সহায়তা করবে। তারা (ভারত) শেষ অনূর্ধ্ব-১৬, ১৭ আসরের চ্যাম্পিয়ন। এটা মাথায় রেখে আমরা নিজেদের তৈরি করছি। সেমিফাইনালে ২ গোলে পিছিয়ে কামব্যাক করা এবং জয় ছিনিয়ে আনা। এটা আমাদের ফাইনালে কাজে দেবে।’
ভারতের কোচ ইশফাক আহমেদ বাংলাদেশের প্রতি সমীহ দেখালেন সংবাদ সম্মেলনে, ‘ফাইনালে সবসময়ই একটা বাড়তি চাপ থাকে। বাংলাদেশ ভালো দল। সেমিফাইনালে তারা অনেক ভালো খেলেছে। পিছিয়ে থেকে তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে। আমার মনে হয় দারুণ উপভোগ্য একটা ফাইনাল হবে। আমরা একটা ইতিবাচক ফলাফলের জন্য নামব। দলের সবাই উজ্জীবিত। তারা ভালো ফুটবল খেলে শিরোপা জিততে চায়।’
