বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল হেলেনে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:৩৩ এএম

ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার দেশ নেপালে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩১ জন। গতকাল সোমবার পর্যন্ত প্রায় চার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালের পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল।

ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু উপত্যকা। সেখানের নদীগুলোয় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে মানবিক সংকট দেখা দিয়েছে। ৪০ লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বিদ্যুৎ কর্র্তৃপক্ষ জানিয়েছে, অবকাঠামোর ক্ষতি এবং সাবস্টেশন ডুবে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তল্লাশি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেপাল জুড়েই নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে।

এদিকে, হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল। বিপর্যস্ত অঞ্চলটিতে গত রবিবার থেকে শুরু হয়েছে উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ, ধ্বংস হয়েছে সড়ক ও সেতু। প্লাবিত হয়েছে ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। দেশটিতে এই দুর্যোগে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এর মধ্যে নর্থ ক্যারোলিনার বুনকোম্ব কাউন্টিতেই ৩০ জনের মৃত্যু হয়েছে। মোবাইল ফোন টাওয়ার ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ এখনো তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তাদের নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। হারিকেনের কারণে ১৫ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতির শঙ্কা জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত