ইউক্রেনকে নিয়ে মস্কোর নেওয়া সব লক্ষ্য অর্জন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গতকাল সোমবার রাশিয়ার দ্বিতীয় ‘পুনরেকত্রীকরণ দিবস’ উপলক্ষে একটি ভিডিও বার্তা দেন পুতিন। সেখানেই রাশিয়ার এ লক্ষ্য পূরণের কথা বলেন তিনি। ইউক্রেনের চারটি অঞ্চল-দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয়।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরুর পর সে বছর ৩০ সেপ্টেম্বর গণভোটের মাধ্যমে এই চারটি অঞ্চলকে একত্রীকরণের ঘোষণা দেয় রাশিয়া। এ ঘোষণায় পশ্চিমারা তীব্র নিন্দা জানালেও তাতে কর্ণপাত করেনি মস্কো। উল্টো অধিকৃত অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফ্রেডারেশনের অন্তর্ভুক্ত করে। তবে এখনো এসব অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি রাশিয়া। অঞ্চলগুলো পুনরুদ্ধারে লড়ছে ইউক্রেনের সেনারা।
পুতিন বলেন, রাশিয়াকে লক্ষ্য করে পশ্চিমারা ইউক্রেনে তাদের উপনিবেশ ও সামরিক ঘাঁটি বানিয়েছে। তারা ঘৃণা, উগ্র জাতীয়তাবাদ ও শত্রুতা উসকে দিচ্ছে। তাতে আমাদের সার্বভৌমত্ব, নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব।
