নাটকীয় ম্যাচে ড্র হলো মাদ্রিদ ডার্বি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

‘আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে খেলা কঠিন’ ম্যাচের আগে এমনটি বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তার সেই কথাটা সঠিক প্রমাণিত হলো রবিবারের মার্দিদ ডার্বিতে। কারণ এগিয়ে যাওয়ার পরও রিয়াল মাদ্রিদ জয় নিশ্চিত করতে পারেনি। উত্তেজনা ও নাটকীয়তায় ভরপুর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধে গোলের সুযোগ পেলেও কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ৬৪ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। ভিনিসিয়ুসের সহায়তায় মিলিতাও রিয়ালকে ১-০ গোলে এগিয়ে দেন। কিন্তু এই গোল আতলেতিকোর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। রিয়ালের সাবেক আতলেতিকো গোলকিপার থিবো কর্তোয়া গোলপোস্টের পেছনে থাকা দর্শকদের দিকে ঘুরে গোল উদযাপনে অঙ্গভঙ্গি করেন। এতে সমর্থকরা লাইটার এবং প্লাস্টিক বোতল মাঠে ছুড়ে মারতে শুরু করলে ম্যাচটি স্থগিত করে দেন রেফারি।

১৫ মিনিট পর আবার খেলা শুরু হলে যোগ করা সময়ে আতলেতিকোর আনহেল কোরেয়ার গোলের মাধ্যমে আতলেতিকো সমতায় ফেরে। এ গোলটি প্রথমে অফসাইড বলে বাতিল করা হলেও ভিএআরে দেখা যায় গোলটি বৈধ এবং এর ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচের পর আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে থিবো কর্তোয়াকে দর্শকদের উত্তেজিত করার জন্য দায়ী করেন, ‘গোল উদযাপন আপনি করতে পারেন, তবে সেটা প্রতিপক্ষের সমর্থকদের সামনে নয়। তাদের রাগান্বিত করার দরকার ছিল না।’ অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি মনে করেন ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত সঠিক ছিল, ‘খেলা থামাতে কেউ চায় না, কিন্তু পরিস্থিতির কারণে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।’

এ ড্রর ফলে লা লিগায় আট ম্যাচ শেষে বার্সেলোনা শীর্ষে আছে ২১ পয়েন্ট নিয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ ১৮ পয়েন্ট নিয়ে এবং আতলেতিকো মাদ্রিদ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত