পল্লবীর ‘মাদক সম্রাজ্ঞী’ লাবণী গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ এএম

রাজধানীর পল্লবী এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ মোসা. লাভলী ওরফে লাবণীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পল্লবীর আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোসা. লাভলী ওরফে লাবণী দীর্ঘদিন ধরে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, হেরোইন ও গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যা চেষ্টা ও চারটি মাদক মামলা রয়েছে। লাভলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত