ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুজন গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. কামরুজ্জামান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনিকেও গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার অনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি।

গতকাল সোমবার র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর লালবাগ থানা এলাকায় শাহিনুর হত্যার ঘটনা ঘটে। ওই মামলার অন্যতম আসামি কামরুজ্জামান সুজন। তাকে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

এদিকে গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিওচিত্র থেকে শনাক্তকৃত গুলিবর্ষণকারী ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশাদ আহমেদ অনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২-এর অপর একটি দল। এ ছাড়া গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নকৃত মৃত্যুদ-প্রাপ্ত আসামি তোফা মোল্লাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২-এর অপর একটি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত