নারায়ণগঞ্জে সাবেক ডিবিপ্রধানসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা দাবি ও মারধরের ঘটনার ৪ বছর পর ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী মো. শাহ আলম।

বুধবার (২ অক্টোবর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শাহ আলম বাদী হয়ে মামলাটির জন্য আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো. মোকারিম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭), মো. হারুন অর রশিদসহ (৪৮) আরও ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা নগদ বিশ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেন অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যান। এ সময় তারা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেন।

তিনি আরও অভিযোগ করেন, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লক্ষ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেন। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা দায়ের করতে পারেননি তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত