দিল্লিতে ওয়াংচুকের অনশন, লাদাখে ধর্মঘট

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:৩১ এএম

ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশের মুখে আটক লাদাখের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত সোনম ওয়াংচুক ও অন্য পদযাত্রীরা অনশন পালন করেছেন। গত মঙ্গলবার দিল্লি সীমান্তে সোনম ওয়াংচুকসহ ১৫০ জন পদযাত্রীকে আটক করে দিল্লি পুলিশ। সেদিন থেকেই অনশন শুরু করেন সোনম ও তার সঙ্গীরা। গতকাল বুধবারও সেটি অব্যাহত ছিল। সেই সঙ্গে দিল্লিতে তাদের আটকের প্রতিবাদে কেন্দ্রশাসিত লাদাখের লেহ ও কার্গিলের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন অসংখ্য মানুষ। স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট (বন্ধ) পালন করে লাদাখের সাধারণ জনতা।

গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে না দেওয়ায় প্রতিবাদস্বরূপ থানাতেই অনশনে বসেছেন ওয়াংচুকসহ লাদাখের পদযাত্রীরা। তাদের দিল্লির বাওয়ানা, নারেলা ও আলিপুর থানায় আটক রাখা হয়েছে। তিন থানায় রাখা হয়েছে পুরুষ পদযাত্রীদের। নারীদের জন্য দিল্লি পুলিশ আইন অনুযায়ী আলাদা আয়োজন করেছে। ৩৬ ঘণ্টা কেটে যাওয়ার পরেও তাদের মুক্তি দেয়নি পুলিশ এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী ওয়াংচুক ও অন্য পদযাত্রীদের সাথে দেখা করতে চাইলেও, অনুমতি দেয়নি বাওয়ানা থানা কর্র্তৃপক্ষ। আজ তাদের আটকের বিরুদ্ধে করা একটি আবেদন শুনবে দিল্লি হাইকোর্ট।

অনেক দিন ধরেই লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দান, সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা ও ভঙ্গুর লাদাখের পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন করছেন সোনম ওয়াংচুক। পুরো লাদাখের মানুষ তার সে আন্দোলনে একাত্মতা জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় গত ১ সেপ্টেম্বর লাদাখ থেকে পদযাত্রা শুরু করে হিমাচল প্রদেশ হয়ে দিল্লি অভিমুখে যাচ্ছিলেন আন্দোলন কারিরা। সেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন তারা।

এদিকে, ওয়াংচুক ও তার সঙ্গীদের আটকে ঘটনায় আগেই নিন্দা জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পুলিশের বাঁধায় তাদের সঙ্গে দেখা করতে না পারার বিষয়ে সমালোচনা করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী আতিশী। একইভাবে সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত