রানা প্লাজা ট্র্যাজেডি

সোহেল রানার জামিন স্থগিত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৪৭ এএম

১০ বছর আগে সাভারে ‘রানা প্লাজা’ ভবন ধসে প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক আগামী ২১ অক্টোবর পর্যন্ত সোহেল রানার জামিনের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ধার্য করে আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালত জামিন ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। এ সময়ের মধ্যে যদি আমরা হাইকোর্টের আদেশের অনুলিপি পাই তাহলে জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করব।’ গত মঙ্গলবার হাইকোর্টের একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ সোহেল রানাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ভবন ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল যশোরের বেনাপোল থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে এ ঘটনায় করা হত্যা মামলায় পাঁচশর বেশি সাক্ষীর মধ্যে ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত