আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:২১ এএম

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জিনাত আরা। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, ‘আইন কমিশন আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৯ নম্বর আইন)-এর ধারা ৫-এর উপ-ধারা (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, সাবেক বিচারপতি জিনাত আরাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। ওই পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।’ ২০২০ সালের ১৪ মার্চ বিচারিক কর্মজীবন থেকে অবসরে যান জিনাত আরা। ১৯৫৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে তিনি মুন্সেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পেয়ে বিচারিক জীবন শুরু করেন। ১৯৯৫ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর হাইকোর্টে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৮ অক্টোবর আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিচারপতি জিনাত আরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত