বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে এক উপজেলা চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে নওগাঁর পতœীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে (৬৭) গ্রেপ্তার করেছে র্যাব। পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
পতœীতলা উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার : র্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, নওগাঁর পতœীতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল গাফফারকে রাজধানীর ধানম-ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত ১৪ আগস্ট ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় মামলা রয়েছে। মামলার এজাহারে উল্লেখ আছে, তার নির্দেশে গত ৩ আগস্ট আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এ ছাড়া ককটেল বিস্ফোরণ, বিএনপি অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রূপনগরে শটগানে দিয়ে ছাত্রদের ওপরে হামলা চালায় গফুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শটগান দিয়ে হামলা চালানোর অভিযোগে রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে অস্ত্রসহ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে একটি শটগান, আটটি তাজা গুলি ও একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা এবং নির্বিচারে গুলি চালায়। গত ২০ জুলাই ছাত্রদের ওপর হামলায় শামীম হাওলাদার নামে একজন গুলিবদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে গফুর মিয়ায় সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ গ্রেপ্তার : আন্দোলনে হামলার ইন্ধনদাতা ও চাঁদাবাজ ইমরান হোসেন ওরফে সুলতানকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা-পুলিশ। বুধবার রাতে রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
