বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ (বিশেষ বিধান) আইনের অধীনে করা চুক্তিগুলো তদন্তে সহায়তা করতে তাদের অভিযোগ এবং প্রাসঙ্গিক নথি জমা দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এ-সংক্রান্ত জাতীয় কমিটি দ্য নেশন রিভিউ কমিটি (এনআরসি)।
আজ শুক্রবার থেকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ই-মেইল ([email protected]) করে জাতীয় রিভিউ কমিটিতে অভিযোগ দাখিল করা যাবে।
গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ব্যক্তি ওই আইনের অধীনে চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্থাগুলোর অনিয়ম-দুর্নীতিসংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত এবং প্রমাণ কমিটিতে পাঠাতে পারবেন। কমিটি প্রয়োজন মনে করলে পরে অভিযোগ দাখিলকারী এবং অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করবে।
এতে আরও বলা হয়, পর্যালোচনা কমিটি বিশেষ আইন-২০১০-এর অধীনে চুক্তিগুলো সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সহায়তা গ্রহণের উদ্যোগ নেবে।
আওয়ামী লীগ সরকার ২০১০ সালে দুই বছরের জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন’ করে। পরে তিন দফায় ওই আইনের মেয়াদ বাড়ানো হয় ১৪ বছর।
ওই আইনে বলা হয়েছে, বিদ্যুতের জন্য জ্বালানি আমদানি অথবা বিদ্যুৎকেন্দ্র স্থাপন অথবা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্য কোনো কার্যক্রম, গৃহীত কোনো ব্যবস্থা, আদেশ বা নির্দেশের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।
