ছুটির দিনও খোলা আশুলিয়ায় ১৫০ কারখানা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় দেড় শতাধিক তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে মালিকপক্ষ। কয়েকদিন শ্রমিক অসন্তোষের জেরে তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানাগুলো চালু রাখা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কারখানাগুলোতে নিরাপত্তা জোরদারসহ শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

জানা যায়, পণ্য রপ্তানির চাপ সামাল দিতে এবং বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে মালিক-শ্রমিক উভয়ের সম্মতিতেই ছুটির দিনে কারখানা খোলা রাখা হয়েছে। আশুলিয়ার রাইজিং গ্রুপের এ্যাক্টিভ কম্পোজিট মিলস লিমিটেড কারখানার ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেল বলেন, প্রায় ১২ বছর ধরে প্রতিবছর একটি হট আইটেমের বিপুল পরিমান অর্ডার পেতাম আমরা। কিন্তু সম্প্রতি শ্রমিক অসন্তোষের কারণে সেটি আমাদের হাতছাড়া হয়ে বাইরের দেশে চলে গেছে। টানা আন্দোলনের কারণে বায়াররা আমাদের অর্ডার দেওয়া কমিয়ে দিয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ—১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, শুক্রবার ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ১৫০ কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। মূলত আন্দোলনে বন্ধ থাকার কারখানাগুলো অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য মালিক-শ্রমিক উভয়ের সম্মতিতেই কারখানাগুলো চালু রয়েছে।  এর বাইরে বিভিন্ন কারণে শিল্প এলাকার ২৭টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃর্পক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত