ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গার চ্যালেঞ্জ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:৪৭ এএম

৭৫ বছরপূর্তির উৎসব উদযাপন করছে গণপ্রজাতন্ত্রী চীন। সেই লক্ষ্যে দেশটিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ ও কর্মসূচি। গত ১ অক্টোবর স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে পা দেয় দেশটি। এর মধ্য দিয়ে একটি নতুন মাইলফলকও ছুঁয়েছে চীন। পৃথিবীর সবচেয়ে বেশি সময় ধরে কমিউনিস্ট শাসিত দেশের তকমা এখন চীনের। এর আগে এই রেকর্ড ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের। প্রতিষ্ঠার ৭৪ বছর পর ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিম্নমুখী অর্থনীতি নিয়ে বিপাকে পড়েছে দেশটি। তাই ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন করে অর্থনীতি চাঙ্গা করার চ্যালেঞ্জ এশিয়ার শক্তিধর দেশটির সামনে।

অর্থনীতিকে চাঙ্গা করতে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এক বিশ্লেষণী প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুঁজিবাজারকে সমর্থন দেওয়া, দরিদ্রদের নগদ অর্থ প্রদান, সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি আবাসন শিল্পকে নতুন করে উজ্জীবিত করার লক্ষ্য বেইজিংয়ের। দেশটির বিপর্যস্ত পুঁজিবাজারের উন্নতিতে গত ২৪ সেপ্টেম্বর নতুন কয়েকটি পদক্ষেপ নেয় পিপলস ব্যাংক অব চায়না। পুঁজিবাজারের তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব শেয়ার কিনতে আগ্রহী, কেন্দ্রীয় ব্যাংক তাদের সহায়তা দেবে। একই সঙ্গে ঋণ নেওয়ার খরচ কমানোর পরিকল্পনা ঘোষণা করেন তিনি। অনুমতি দেন ব্যাংকগুলোকে তাদের ঋণ বাড়ানোরও।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অন্যতম শক্তিশালী খাত পুঁজিবাজারে মন্দা শুরু হয় তিন বছর আগে। পুঁজিবাজার গতিশীল করতে নতুন নীতির বাইরেও সম্প্রতি ঘোষণা করা হয়েছে উদ্দীপনামূলক প্যাকেজ। এর মধ্যে রয়েছে, ব্যাংকের ঋণ বাড়ানোর পদক্ষেপ, মর্টগেজের হারে কাটছাঁট, দ্বিতীয় বাড়ির ক্রেতাদের জন্য ডাউন পেমেন্ট ন্যূনতম করা। তবে এসব পদক্ষেপ চীনের আবাসন খাত চাঙ্গা করার জন্য যথেষ্ট হবে কি না, তা নিয়ে সংশয় আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত