সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২৩ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক এমপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ধানম-ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হবে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে দুদিনের রিমান্ডে রয়েছেন। গত শুক্রবার উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, ৫টি চাপাতি, ৩টি চাকু, হকিস্টিক, স্টিলের পাইপ, রড, হাতুড়ি, মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মফিজুল ইসলাম। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করেন তিনি।  অথচ তার হেফাজত থেকে মোটরসাইকেলের দুটি হেলমেট উদ্ধার করা হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃত মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত হেলমেট বাহিনীর সদস্য মনিরুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত