দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ‘কেজি দরে বেচে দিলেন বাস’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন পায়রা কমিউনিকেশনের স্বত্বাধিকারী মো. আবুল হাসান ও বিআরটিসির চালক মো. ইলিয়াস শেখ। গত ৩০ সেপ্টেম্বর ওই নোটিসটি পাঠানো হয়।
নোটিসে বলা হয়, বিআরটিসির কল্যাণপুর বাস ডিপোতে থাকা ঢাকা মেট্রো-চ-৭৩৬০ রেজিস্ট্রেশন নম্বরের অকেজো একটি বাস কেটে বাইরে বিক্রি করে দেন ডিপোর তৎকালীন ইনচার্জ। এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং কমিটি ৩/১২/২০২৩ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এতে ১৪ জন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে তদন্ত কমিটি মতামত দিয়েছে। তদন্ত প্রতিবেদনে মো. আবুল হাসান ও মো. ইলিয়াস শেখের নাম নেই। কাজেই প্রকাশিত প্রতিবেদনে তাদের নাম থাকা উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, কাল্পনিক ও ভিত্তিহীন। প্রতিবেদনে ওই দুজনের নাম থাকায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে নোটিসে।
