ভারতের হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেস জোটের কাছে পরাজিত হওয়ার পথে ক্ষমতাসীন বিজেপি জোট। দুই রাজ্যের বুথফেরত জরিপগুলো তথ্য অনুযায়ী, হরিয়ানায় বিজেপির এক দশকের শাসনের অবসান ঘটিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। জম্মু-কাশ্মীরে কংগ্রেসের জোট ন্যাশনাল কনফারেন্স এগিয়ে রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বুথফেরত জরিপ অনুযায়ী, হরিয়ানার ৯০টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ৫৫টি। বিজেপি পেতে পারে ২৪টি আসন। রাজ্যটিতে সরকার গঠন করতে ৪৫ আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। জম্মু-কাশ্মীরে ৯০ আসনের মধ্যে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট পেতে পারে ৪৩ আসন। আর বিজেপি পেতে পারে ২৬ আসন। এখানেও সরকার গঠনে প্রয়োজন ৪৫ আসন। এ দুই রাজ্যের বিধানসভার ভোট তাই সাধারণ নির্বাচনে খারাপ ফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপির জন্য আরও একটি ধাক্কা হতে পারে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুই রাজ্যেই কয়েক ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার ভোটগণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
