পটুয়াখালীর বাউফল ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার ভাইকে কুপিয়ে জখম করেছেন স্থানীয় এক তরুণ। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভিডিসি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণের নাম মনিরুল ইসলাম শিপন (২৩)।
জানা গেছে, ওই ছাত্রী নওমালা ভিডিসি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালে একই ইউনিয়নের শিপন নানাভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় শিপনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। ওই সময় অভিযুক্ত শিপন ও তার পরিবারের সদস্যরা মৌখিক ক্ষমা প্রার্থনাও করেন। পরে বিষয়টি আপস মীমাংসা হয়। সম্প্রতি ওই ছাত্রীর নামেই একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে আপত্তিকর ছবি পোস্ট করা হয়। এ ঘটনায় শিপনকে ফোন দিয়ে সাবধান করেন ছাত্রীর ভাই। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর ভাইকে দলবল নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন শিপন।
