মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রাতের আঁধারে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম ফজিলত বেগম (৭০)। গত শনিবার রাতের কোনো এক সময় টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার সকালে ওই গ্রামের সড়কের পাশের একটি খুপড়ি ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফজিলত বেগম হাসাইল-বানারী ইউনিয়নের সোহরাব হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে ফজল হোসেন জানান, হাসাইল-বানারী ইউনিয়নে পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে তার মা ফজিলত বেগম পাশর্^বর্তী পাঁচগাঁও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামের সড়কের পাশের একটি খুপড়ি ঘরে একাই বসবাস করতেন। পরিবারের অন্য কোনো সদস্য তার সঙ্গে থাকতেন না।
রবিবার সকালে তিনি তার স্ত্রীর মাধ্যমে জানতে পারেন তার মা মারা গেছেন। পরে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর রক্তাক্ত লাশ দেখতে পান। নিহতের ছেলের দাবি, তার মায়ের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। কে বা কারা তার মাকে কুপিয়ে মেরেছে তা জানেন না। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ওসি মো. মুহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
