মাত্র দুই মাস আগেই সেন্ট লুসিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন স্প্রিন্টার জুলিয়েন আলফ্রেড। প্যারিস অলিম্পিকে বাঘা বাঘা স্প্রিন্টারদের পেছনে ফেলে তিনি জিতে নিয়েছিলেন প্রথম স্বর্ণপদক। দুবারের বিশ্বজয়ী উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির কোচিংয়ে এবার প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতল সেন্ট লুসিয়া কিংস। সেই সঙ্গে ১৭ বছর ধরে শিরোপার অপেক্ষায় থাকা কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্বত্বাধিকারী ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার। পাঞ্জাবের হয়ে না পারলেও সেন্ট লুসিয়া তাকে পাইয়ে দিয়েছে অধরা শিরোপার স্বাদ। ২০১৭ সালে পিএসএলের পর স্যামিরও এটি কোচ হিসেবে প্রথম শিরোপা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অ্যারন জোনস ও রোসটন চেজের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ দিকে মাত্র ১৯ বলে ৬৬ রান তুলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সোমবার সিপিএল শিরোপা জেতে সেন্ট লুসিয়া কিংস।
লক্ষ্যটা ছিল মাত্র ১৩৯ রানের। ১০ ওভার শেষে সেন্ট লুসিয়ার রান ছিল ৪ উইকেটে ৫১। ততক্ষণে ফিরে গেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি, জনসন চার্লস, আকিম অগাস্টে এবং টিম সাইফার্ট। চেজ ও জোনস ৬১ বলে মারেননি একটিও বাউন্ডারি। ১৫তম ওভার শেষে কোচ ড্যারেন স্যামির বার্তা পেয়ে প্রথম বলেই এগিয়ে এসে ১০০ মিটার দূরত্বের বড় ছক্কা মারেন জোনস। স্ট্রাইকে গিয়ে চেজ পরের চার বলে নেন যথাক্রমে ৬, ৪, ৬, ৪। মঈনের এক ওভারে ২৭ রান নিয়ে ৩০ বলে ৬৬ রানের সমীকরণকে ২৪ বলে ৩৯ রানে নামিয়ে আনেন দুই ব্যাটসম্যান। ১১ বল হাতে রেখেই জিতে যায় সেন্ট লুসিয়া। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকান ডু প্লেসির এটাই প্রথম শিরোপা। প্রতিক্রিয়ায় অধিনায়ক ফাফ বলেন, ‘আমি এই দলটা নিয়ে ভীষণ গর্বিত। প্রথম সিপিএল শিরোপা এবং এর অনুভূতি দারুণ।’
যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জোনস অপরাজিত থাকেন ৩১ বলে ৪৮ রান করে, চেজ মাঠ ছাড়েন ২২ বলে ৩৯ রান নিয়ে। শেষের ঝোড়ো ব্যাটিংয়ের আগে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হন রোসটন চেজ। আর ফাইনালে ৩টিসহ ১২ ইনিংসে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরা হন সেন্ট লুসিয়ার আফগান স্পিনার নুর আহমেদ। এর আগে ডোয়াইন প্রিটোরিয়াসের ২৫ ও শেই হোপের ২২ রানের ইনিংসে গায়ানা তুলেছিল ৮ উইকেটে ১৩৮ রান।
