শান-শফিকের সেঞ্চুরি, ব্যর্থ বাবর

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩০ এএম

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই অধিনায়কত্বের চেয়ারটি ভীষণ টলমলে হয়ে গিয়েছিল পাকিস্তানের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদের। এমনকি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাংবাদিকদের বাক্যবাণে জর্জরিত হওয়া থেকে বাঁচাতে পিসিবির মিডিয়া ম্যানেজার বলতে বাধ্য হয়েছিলেন, ‘আপনাদের সামনে পাকিস্তানের অধিনায়ক বসা, তাকে সম্মান করে কথা বলুন।’ তবে ২২ গজের ক্রিকেটে সম্মান আসে ব্যাটে-বলের নৈপুণ্যে। সেই পথে হেঁটেই সম্মান আদায় করে নিয়েছেন শান। খেলেছেন চোখ ধাঁধানো দেড়শ রানের ইনিংস। সেইসঙ্গে আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে ৪ উইকেটে ৩২৮ রান স্কোরবোর্ডে জড়ো করেছে পাকিস্তান। দুই সেঞ্চুরির দিনে আবারও ব্যর্থ হয়েছেন বাবর আজম।

মুলতান টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই গাস অ্যাটকিনসনের লেগ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব। টেস্ট ক্রিকেটে পাকিস্তান হয়তো আরেকটি বাজে দিন দেখতে যাচ্ছে, তখন অনেকেই এমনটা ভাবছিলেন। কিন্তু উইকেটে এসে মুখোমুখি হওয়া প্রথম বলে দুর্দান্ত এক স্ট্রেট ড্রাইভে দুই রান নিয়ে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ দেন অন্য ইঙ্গিত। এই মুলতান টেস্টে খেলতে নামার আগে মাসুদ সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন সেই ২০২০ সালের ৫ আগস্ট। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরির পর আজকের আগপর্যন্ত খেলেছেন ২৬ ইনিংস। সর্বোচ্চ রান ছিল ৬০।

এমন চাপের মধ্যে দাঁড়িয়ে সেই ইংল্যান্ডকে দিয়েই সেঞ্চুরির খরা কাটালেন মাসুদ। মুলতানে তিনি সেঞ্চুরিটি করেছেন ১০২ বলে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসবাহ-উল-হকের ৫৬ বলে সেঞ্চুরির পর এটাই পাকিস্তানের দ্রুততম টেস্ট সেঞ্চুরি। পাকিস্তানি অধিনায়কদের মধ্যেও মিসবাহর সেই ৫৬ বলের সেঞ্চুরির পর এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে এটি পঞ্চম সেঞ্চুরি শানের। আবদুল্লাহ শফিককে নিয়ে প্রায় ৫৬ ওভারে ২৫৩ রানের জুটি গড়েন মাসুদ। ১৬৫ বলে সেঞ্চুরিতে পৌঁছানোর পরপরই শফিক আউট হয়ে যান। শেষ সাত ইনিংসের ছয়টিতে এক অঙ্কের ঘরে স্কোরের পর নিজের পঞ্চম সেঞ্চুরি করেন শফিক। ১০ চার ও ২ ছক্কায় ১৮৪ বলে ১০২ রানের ইনিংস আসে তার ব্যাটে। জুটি ভাঙার পর শানও অবশ্য টেকেননি বেশিক্ষণ। তিন ওভার না যেতেই ১৭৭ বলে ১৩ বাউন্ডারি ও দুই ছক্কায় ১৫১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন শান। তাকে আউট করেন স্পিনার জ্যাক লিচ।

এরপর সৌদ শাকিল বাবর আজমকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দেবেন বলে মনে হচ্ছিল। কিন্তু খেলা শেষের কয়েক ওভার আগে ক্রিস ওকস এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ৩০ রান করা বাবরকে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে সেঞ্চুরির ১৭ ইনিংস কেটে গেলেও বাবরের ব্যাটে ফিফটির দেখা মিলল না। শাকিল অবশ্য ৩৫ রানে অপরাজিত থেকে সাজঘরে গেছেন। পাকিস্তানের চার উইকেটের দুটি নিয়েছেন গাস আটকিনসন। বাকি দুটি ক্রিস ওকস ও জ্যাক লিচের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত