মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘পাহারা দিয়ে উৎসব উদযাপন আনন্দময় হয় না। পুলিশ দিয়ে, আনসার দিয়ে আমরা পূজাকে আনন্দময় করব এটা হয় না। এটা আসলেই একটা আনন্দের, হিন্দু-মুসলিম সবাই মিলে আমরা আনন্দ করব। সেজন্য সামাজিক একটা পরিবেশ তৈরি করতে হবে।’
গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘বিদ্যুৎ বিভাগের দায়িত্বে যারা আছেন, তাদের অনুরোধ করব, পূজা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয়। যদি কোনো কারণে সমস্যা হয়, তাহলে বিকল্প ব্যবস্থা রাখতে হবে।’ এ সময় তিনি জামাতে নামাজের সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ। আমিও মনে করি দেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। সবাই আমরা একটা পরিবার। আশা করি আমরা ভালো একটা পূজা উদযাপন করতে পারব।’
স্মৃতিচারণ করে তিনি বলেন, চট্টগ্রামে আমার বাড়ি হলেও অনেকে বলেন টাঙ্গাইল আমার বাপের বাড়ি। ১৯৮৭ সাল থেকে আমি টাঙ্গাইলে কাজ করার সুবাদে এটা হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশ হতো কি না সন্দেহ আছে। তিনি বিশ্বের দরবারে টাঙ্গাইলকে পরিচিত করেছেন। মওলানা ভাসানীর জীবনী সব পাঠ্যপুস্তকে থাকা দরকার এজন্য যদি আমাকে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়াতে হয়, দাঁড়াব।’
