বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ এএম

গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহানগরীর ১০৭টি পূজাম-পে অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে শহরের কালীমন্দিরের সামনে ওই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু (৪৫) ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদারকে (৫২) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চাপাতির কোপে গুরুতর আহত যুবদল নেতা অলিউল্লাহ তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রনির অনুপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সদর থানার সভাপতি মেহেদী হাসান এলিস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বিএনপি নেতা জি এস সুরুজ আহমেদ, হান্নান মিয়া হান্নু, ডা. শহীদুজ্জামান, আহমদ আলী রুজদী, মনিরুল ইসলাম মনির, মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, গাজী সালাউদ্দিন ও মহানগর কালীমন্দিরের সদস্য সচিব বাপ্পি দে। দুপুর সোয়া ১টার দিকে অনুষ্ঠান শেষ হলে অতিথিরা চলে যান। পরে কালীমন্দিরের বাইরে রেলক্রসিং এলাকায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে পূর্বশত্রুতার জেরে নিজেদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন এবং চাপাতি নিয়ে হামলা চালান। এতে ওই তিনজন আহত হন।

মহানগর বিএনপির একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এক মাস আগে শহরের উত্তর ছায়াবীথি এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। ওই জেরে এ হামলা ঘটে থাকতে পারে। অনুষ্ঠানে উপস্থিত জি এস সুরুজ আহমেদ বলেন, অনুষ্ঠান শেষে আমরা চলে আসার পর কী ঘটনা ঘটেছে তা জানা নেই। এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির একটি অনুষ্ঠান ছিল। রনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। সেখানে তার সমর্থকদের দুপক্ষের মধ্যে পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি।

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ বলেন, দুপুরে আহত অবস্থায় একজন হাসপাতালে আনা হয়েছে। তার পিঠে ধারালো অশস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) নাজির আহমেদ খান জানান, পূর্বশত্রুতার জেরে হামলা এবং গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত