২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুজন আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকভর্তি ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাজমুল হোসেন (২৪), জাকারিয়া হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে থানার এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার রাতে চেকপোস্ট বসিয়ে কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় ট্রাকটি সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ২৫০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে উল্লিখিত চিনির কোনো সঠিক তথ্য দিতে না পারায় এবং শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনা ও হেফাজতে রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়। এরপর উপস্থিত লোকদের সামনে চিনিগুলো জব্দ করা হয়।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গতকাল জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত