সাবেক এমপি শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশাচালক লিটন মিয়া হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৫ আদালতের বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড  মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান বলেন, রবিবার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আটকের পর আমাদের কাছে হস্তান্তর করে। তাকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আট দিন মঞ্জুর করে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। ২৮ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল লাল শালুকের পাশে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিটন মিয়া নামের অটোরিকশাচালক। নিহত লিটন উপজেলার কাটানিসার গ্রামের মোজাম মিয়ার ছেলে। এই হত্যা মামলাটি তৎকালীন সময়ে থানায় নিয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত