দিল্লি হবে কার আর্শদীপ না মোস্তাফিজের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

দিল্লি জয় কার বাম হাতের খেল, আর্শদীপ সিং না মোস্তাফিজুর রহমানের? আন্তর্জাতিক ক্যারিয়ারে মোস্তাফিজ এগিয়ে, তবে আইপিএল ম্যাচ দুজনেরই প্রায় সমান। পাঞ্জাব কিংসের হয়ে ভারতের বামহাতি পেসার আর্শদীপ সিং খেলেছেন ৬৫টা ম্যাচ, মোস্তাফিজ আইপিএলে খেলেছেন ৫৭ ম্যাচ। আর্শদীপের উইকেট সংখ্যা ৭৬, মোস্তাফিজের ৬১। সিরিজ শুরুর ম্যাচে আর্শদীপ ৩ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডার, হয়েছেন ম্যাচসেরা। দিল্লি ক্যাপিটালসে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কি পরের ম্যাচে মোস্তাফিজ পারবেন আরেকবার এই মাঠে বাংলাদেশকে জেতাতে?

ভারতের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে একবারই হারিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালের নভেম্বরে এই মাঠেই রোহিত শর্মার ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল মাহমুদউল্লাহর দল, ম্যাচসেরা হয়েছিলেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে অবশ্য ২ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট পাননি মোস্তাফিজ। আর্শদীপের তো তখন অভিষেকই হয়নি! বছর পাঁচেক পর একই মাঠে যখন দুই দল মুখোমুখি, তখন আর্শদীপই ভারতের বোলিং আক্রমণের প্রধান ফলা। টি-টোয়েন্টি বিশ্বকাপটাও জেতা হয়ে গেছে। মোস্তাফিজের ক্যারিয়ারের বয়স বেড়েছে, তবে সাফল্য সেই অনুপাতে আসেনি। আর্শদীপের ৫৫ ম্যাচে ৮৬ উইকেট আর মোস্তাফিজের ১০৪ ম্যাচে ১২৯ উইকেট।

ম্যাচপ্রতি উইকেট শিকারের গড়ে আর্শদীপ এগিয়ে। এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে তার নতুন বলে বল করা, যেখানে মোস্তাফিজ একটু পরে বোলিংয়ে আসতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সিরিজের প্রথম ম্যাচে, মাধব রাও সিন্ধিয়া স্টেডিয়ামের প্রথম ডেলিভারিটাই ছিল আর্শদীপের। অন্যদিনে ১২৭ রানের পুঁজি সামলাতেও মোস্তাফিজ এসেছেন ইনিংসের চতুর্থ ওভারে।

এই দুই বামহাতিই নিজ নিজ দলের প্রধান পেসার, শুরুর সাফল্যের জন্য দল তাদের দিকেই তাকিয়ে। দিল্লির এই মাঠে অবশ্য গত মৌসুমে মোস্তাফিজ বা আর্শদীপ কারোই খেলার অভিজ্ঞতা নেই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে আর্শদীপ সেটাই বললেন, ‘আমাদের (পাঞ্জাব কিংস) গত মৌসুমে এই মাঠে কোনো ম্যাচ ছিল না। তবে এই মাঠের স্কোর দেখে মনে হয়েছে উইকেট না দেখলেও চলবে। আমরা কাল আসব আর উইকেট দেখে কন্ডিশন মূল্যায়ন করে সেই অনুযায়ী পরিকল্পনা করব। কোচ আর ক্যাপ্টেন উইকেট দেখবে, এরপর আমাদের প্ল্যান বলে দেবে।’

বিশ্বকাপের পর ভারতের কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন, নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মরনে মরকেল। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বললেন, ‘মাত্র ২ দিন হলো ওর সঙ্গে দেখা হয়েছে। খুব একটা কথা হয়নি তবে আমরা বন্ধু হতে শুরু করেছি। দেখি ভবিষ্যতে কী হয়!’

ম্যাচের আগের দিন বলেই অনুশীলনে খুব একটা ব্যস্ত না থেকে দিল্লির তপ্ত দুপুরে বিশ্রাম করাটাই ছিল আর্শদীপের জন্য আদেশ। সেটাই বললেন সংবাদ সম্মেলনে এসে, ‘কোচের কাছ থেকে আজকের বার্তা হচ্ছে বিশ্রাম করা। আমি বর্তমানে থাকতে পছন্দ করি। আমার আজ বিশ্রামের দিন। কালকেরটা কাল দেখা যাবে।’

আর্শদীপ এমনটা ভাবতেই পারেন, কারণ তার দলের ব্যাটসম্যানরা তাকে সেই ফুরসতটা দেন। মোস্তাফিজ তো বেশিরভাগ সময়ই দলের ব্যাটসম্যানদের কাছ থেকে এই সহায়তাটা পান না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত